গৌরব সাহা, নরসিংদী প্রতিনিধি: জাতীয় ছাত্রশক্তির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা শাখার উদ্যোগে শনিবার নরসিংদী সরকারি কলেজ মাঠে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা এনসিপি’র সংগ্রামী আহ্বায়ক ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ছাত্রশক্তি নরসিংদী জেলা শাখার আহ্বায়ক ফাহিম ভুইয়া রাজ। এছাড়াও জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে জাতীয় ছাত্রশক্তি ছাত্রসমাজের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আগামীতেও সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনজুড়ে নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর ও আন্তরিক পরিবেশ।

