মোঃ নুরুল্লাহ (অভয়নগর, যশোর) প্রতিনিধি ): যশোরের অভয়নগরে হত্যা চেষ্টা ও মাদকসহ একাধিক মামলার পলাতক আসামি রুহুল আমিন (৩৮) এবং ১০০ গ্রাম গাঁজাসহ সুমন বিশ্বাস (৪৭) নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে নওয়াপাড়া রেলস্টেশন এলাকা থেকে রুহুল আমিন ও শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রাম থেকে সুমন বিশ্বাসকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম।
গ্রেপ্তার রুহুল আমিন নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন বৌবাজার এলাকার মৃত ইব্রাহিম ওরফে খলিল কসাইয়ের ছেলে। অপর আসামি সুমন বিশ্বাস শংকরপাশা গ্রামের বিশ্বাসপাড়ার মৃত আবুল হাসান বিশ্বাসের ছেলে।
ওসি রবিউল ইসলাম জানান, রুহুল আমিনের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও মাদকসহ মোট ৭টি মামলা রয়েছে। পাশাপাশি ব্যবসায়ী শাহনেওয়াজ কবির টিপুর দায়ের করা ৪ কোটি টাকার চাঁদাবাজির মামলাতেও তার নাম রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, বৌবাজার এলাকার কুখ্যাত মাদক সম্রাট হিসেবে পরিচিত রুহুল আমিন দীর্ঘদিন ধরে মাদক কারবার ও চাঁদাবাজি চালিয়ে আসছিল। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে। তারা জানান, তার দৃষ্টান্তমূলক শাস্তি হলে অভয়নগরের তরুণ সমাজ মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা পাবে।
পুলিশ জানিয়েছে, দুজনের বিরুদ্ধেই পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে

