5169
Loading ...

কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

জামাল হোসেন তারেক, কুলাউড়া, (মৌলভীবাজার)
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী শাহজালাল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পুর্ণ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ২ঘটিকায় বিদ্যালয়ের হলরুমে যথাযোগ্য মর্যাদা, সুশৃঙ্খল পরিবেশ এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক সভাপতি ও ভূমি দাতা হাজী মিরজান আলী সাহেব এর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মোহাম্মদ মাহবুবুল আলম আকুল এর সঞ্চালনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ৮ নং রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালিক সাহেব , বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মো: মাহমুদুল ইসলাম দানা মিয়া, সৈয়দ তাহির আলী আজমল, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ লিয়াকত আলী পীর ও মোহাম্মদ ফজিলত খাঁন, বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মো: তোয়াব আলী, ৮ নং রাউৎগাঁও ইউনিয়নের ইউপি সদস্য মো: লিটন হোসাইন, বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মো: মুক্তার মিয়া এবং মো: ওবায়দুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: নওশাদ আহমদ চৌধুরী সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। এরপর অতিথিবৃন্দের উপস্থিতিতে সংক্ষিপ্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা শিক্ষা, নৈতিকতা এবং সমাজ গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান কেবল পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের স্থান নয়, বরং এটি একজন শিক্ষার্থীর চরিত্র গঠন, নৈতিক মূল্যবোধ সৃষ্টি এবং দায়িত্ববোধ জাগ্রত করার অন্যতম প্রধান ক্ষেত্র। তারা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, বর্তমান বিশ্ব প্রতিযোগিতামূলক এবং চ্যালেঞ্জপূর্ণ। এ বাস্তবতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, সময়ের সঠিক ব্যবহার, শৃঙ্খলা ও অধ্যবসায়ের কোনো বিকল্প নেই। তারা শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি নৈতিক শিক্ষার প্রতিও সমান গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।

পরে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ক্রীড়ায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে বক্তারা উল্লেখ করেন। পুরস্কার গ্রহণের সময় শিক্ষার্থীদের উচ্ছ্বাস অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

অনুষ্ঠানের একটি উল্লেখযোগ্য দিক ছিল দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় বিশেষ উদ্যোগ গ্রহণ। বিদ্যালয়ের( ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো:নওসাদ আহমদ চৌধুরী ও সিনিয়র শিক্ষিকা সৈয়দা রেখা বেগমের পক্ষ থেকে ৪০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হয়। এই উদ্যোগকে উপস্থিত সকলেই সাধুবাদ জানান এবং এটি শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ বৃদ্ধি ও শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক হবে বলে মত প্রকাশ করেন।

সবশেষে এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, পরীক্ষায় সাফল্য, দেশ ও জাতির উন্নতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়। ধর্মীয় আবহে অনুষ্ঠিত এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত সকলেই অংশগ্রহণ করেন এবং এক আন্তরিক পরিবেশের সৃষ্টি হয়।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সার্বিকভাবে অনুষ্ঠানটি বিদ্যালয়ের শিক্ষামূলক ও নৈতিক কার্যক্রমকে আরও বেগবান করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *