জামাল হোসেন তারেক, কুলাউড়া (মৌলভীবাজার)
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কুলাউড়া (পুসাক) এর আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে রবিবার সকাল ১১টায় কুলাউড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি রুহুল ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষা বিষয়ক সম্পাদক শুভশ্রী দেব শ্রেয়া ও উপ-শিক্ষা বিষয়ক সম্পাদক মাওয়া সবুর জ্যেতির যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শওকতুল ইসলাম শকু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। কুলাউড়ার শিক্ষার্থীরা দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিজেদের মেধার স্বাক্ষর রেখে চলেছে, যা আমাদের জন্য গর্বের বিষয়। শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কাজ করতে হবে। শিক্ষার্থীদের এমন ইতিবাচক উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে বলে আমি আশা করি।”
অনুষ্ঠানে পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিজিআইসি পিএলসি ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ সাইফুদ্দীন চৌধুরী মিন্টু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এনামুল ইসলাম, কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য, লংলা আধুনিক ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মহিবুর রহমান বুলবুল, ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এমদাদুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরী, ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমেদ (আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ইকবাল হোসেন, বিজিআইসি-এর হেড অব এইচআর সালাম মাহমুদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রাজেশ কুমার দেব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জাহিদ হাসান সামাদ, পুসাক এর সাধারণ সম্পাদক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো: জুবেল হুসাইন, পুসাকের সাবেক সভাপতি ও জালালাবাদ ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল ইসলাম তানবীর। এছাড়াও নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান।

