5169
Loading ...

শ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের জলবায়ু সহনশীলতা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক শিখন কর্মশালা অনুষ্ঠিত

সাহেব রেজা, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: কমনওয়েলথ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এবং অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের বাস্তবায়নে ‘স্ট্রেন্দেনিং ডিজাবিলিটি ইনক্লুসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স কমিউনিটিস’ প্রকল্পের আওতায় শ্যামনগরে এক শিখন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ ২০২৬) শ্যামনগর উপজেলার পাবলিক লাইব্রেরি সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।

অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লার এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রকল্পের সফল দিক, চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে এসব চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল এবং ভবিষ্যতে কার্যক্রমের স্থায়িত্ব নিশ্চিত করার জন্য অংশগ্রহণকারীদের গুরুত্বপূর্ণ মতামত নেওয়া হয়।

কর্মশালায় উপকূলীয় অঞ্চলের প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে নানাবিধ সমস্যা এবং সমাধানের পথ তুলে ধরা হয়। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল—

  • প্রতিবন্ধী ব্যক্তিদের টেকসই জীবিকায়ন,
  • প্রতিবন্ধী শিশুদের বিদ্যালয়ে যাতায়াতের বাধা দূরীকরণ,
  • শিক্ষিত প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কর্মসংস্থান সৃষ্টি,
  • চিকিৎসা নিশ্চিতকরণ।

এছাড়া শ্যামনগরে সুপেয় পানির সংকট, সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তির অভাব এবং প্রাকৃতিক দুর্যোগের সময় তাদের চরম দুর্দশার বিষয়গুলো আলোচনায় উঠে আসে।

উপস্থিত সকলে এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর একমত প্রকাশ করেন। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে প্রতিবন্ধী ব্যক্তিদের উপযোগী কর্মসংস্থান ও অধিকার নিশ্চিত করার গুরুত্বে জোর দেওয়া হয়।

কর্মশালায় অংশগ্রহণ করেন শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর, মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনী, রমজাননগর, আটুলিয়া, ভুরুলিয়া এবং পৌরসভার প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে গঠিত ‘স্ব-সহায়ক দল’ এবং ‘জয়ীতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা’র প্রতিনিধিরা। অংশগ্রহণকারীরা উন্নয়ন কর্মকাণ্ডে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার ওপর ঐক্যমত প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *