জাহাঙ্গীর আলম, চট্টগ্রামঃ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সরকারি পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)–এর বাস চলাচলে বাধা এবং চালককে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় পরিবহন শ্রমিকদের একাংশের বিরুদ্ধে। বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত বাস চালক মো. যুবরাজ (২৬) জানান, প্রতিদিনের মতো সকালে তিনি সেখানে যাত্রী তুলছিলেন। এ সময় বাজারের লাইনম্যান এবং ‘চট্টমেট্রো-জ-০৪-০১৫৭’ নম্বরের একটি লোকাল বাসের চালক ও সহকারীসহ ৫-৬ জন তাকে ঘিরে ধরেন। অভিযোগ অনুযায়ী, তাকে বাস থেকে নামিয়ে মারধর করা হয়। যুবরাজ দাবি করেন, হামলাকারীরা তার পকেট থেকে সাড়ে তিন হাজার টাকা নিয়ে নেয় এবং বিআরটিসি বাস চলাচল বন্ধ না করলে চালকদের ‘লাশ ফেলার’ হুমকি দেয়।
এ ঘটনায় যুবরাজ বাদী হয়ে আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মো. জুনায়েত চৌধুরী বলেন, অভিযোগ পাওয়া গেছে এবং সরকারি কাজে বাধা ও মারধরের বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বিআরটিসি বাসে হামলার ঘটনায় সাধারণ যাত্রী ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় কলেজ শিক্ষার্থীরা জানান, চাতরী থেকে নিউ মার্কেট রুটে বিআরটিসি চালু হওয়ায় যাতায়াত সহজ হয়েছে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের প্রবণতা কমেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী বলেন, কিছু স্বার্থান্বেষী মহলের চাপে সরকারি সেবা বন্ধ হওয়া উচিত নয়। এলাকাবাসীর দাবি, দ্রুত দোষীদের গ্রেপ্তার করে সড়কে বিআরটিসি বাসের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে হবে।

