আব্দুল্লাহ আল মামুন পিন্টু, টাঙ্গাইল: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
সভায় মন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন ও সুশাসন নিশ্চিত করতে প্রতিটি দপ্তরকে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনতে হবে। সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই কাঙ্ক্ষিত সেবা পায়, তা নিশ্চিত করা কর্মকর্তাদের দায়িত্ব। সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে এবং সেবাপ্রদানে অনিয়ম ও দুর্নীতির সুযোগ রাখা যাবে না বলেও তিনি সতর্ক করেন।
একটি আধুনিক ও সুন্দর ধনবাড়ী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী মাদক, দখলবাজি ও টেন্ডারবাজিসহ সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, অপরাধ ও অনিয়মের ক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথীর সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন। ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি প্রিন্সিপাল এম আজিজুর রহমানসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
বক্তারা ধনবাড়ীর সার্বিক উন্নয়নে মন্ত্রীর দিকনির্দেশনা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

