সিলেট প্রতিনিধি.
সিলেট মহানগরীর জিন্দাবাজারের ওভারসিজ সেন্টার পুরো ভবনটি ভেঙ্গে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। ভবনটি পুরানো এবং বর্তমানে এই ভবন ঝুঁকিপূর্ণ।
রবিবার (১ মার্চ) সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এই নির্দেশ দেন। জেলা প্রশাসক সারওয়ার আলম পুরো ওভাসিজ সেন্টার ঘুরে দেখেন এবং প্রতিটি দোকান কোটা বা বিভিন্ন পতিষ্ঠানের কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্টদের বিষয়টি অবগত করার পাশাপাশি দ্রুত তাদের জিনিসপত্র সরিয়ে নিতে বলেছেন।
ডিসি সারওয়ার আলম ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, অনেক আগেই এ ভবনটির মেয়াদ পেরিয়েছে। এ অবস্থায় আপনাদেরও অন্তত তিন মাস আগে নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু আপনারা তা শুনছেন না। উল্টো রিট করা হয়েছে।
তিনি বলেন, এতে কি লাভ হবে? কিছুই হবেনা শুধু সময় নষ্ট হবে। এই সময়টা আর নষ্ট করবেন না। রমজানের পরপরই বিল্ডিংটি ভাঙা হবে। আমি আপনাদের সহযোগীতা চাই। সবাই সহযোগীতা করলে এখানে নতুন ভবন হবে এবং নতুন ভবনে পুরানো ব্যবসায়ীরা অগ্রাধিকার পাবেন।
তিনি আরও বলেন, এখন এই সিলেটের মানুষ প্রবাসী কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। এখন ভাঙলে নতুন ভবন পাওয়াটা আমাদের জন্য সহজ হবে। লাভটা হবে এই সিলেটেরই।
ঈদের পরপরই ভবনটি ভাঙার কাজ শুরু হবে। সিলেটের জেলা প্রশাসক এরমধ্যে সবাইকে নিজেদের পণ্য বা জিনিসপত্র অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।

