5169
Loading ...

মদন মোহন কলেজে মন্ত্রীর বার্তা, দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটই ভরসা

সিলেট প্রতিনিধি: বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, শিল্প ও বাণিজ্যের প্রসারে দক্ষ জনশক্তি গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য। সুশৃঙ্খল ও নেতৃত্বগুণসম্পন্ন নাগরিক তৈরিতে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার দুপুরে সরকারি মদন মোহন কলেজ-এ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি দক্ষতা ও নেতৃত্বগুণ বাড়াতে বিএনসিসি ও রোভার স্কাউটের কার্যক্রম আরও গতিশীল করতে হবে।

মন্ত্রী উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে উদ্দেশ্যে বিএনসিসি প্রতিষ্ঠা করেছিলেন, সেই আদর্শে তরুণদের দেশগঠনে এগিয়ে আসতে হবে। কলেজের সার্বিক উন্নয়নে সরকারের সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

সভায় বিএনসিসি ক্যাডেটরা অভিযোগ করেন, রাজনৈতিক সংকীর্ণতার কারণে দীর্ঘদিন তারা বৈষম্যের শিকার হয়েছেন। প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হওয়ায় সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী পর্যন্ত পালন করতে দেওয়া হয়নি বলেও দাবি করেন তারা। করোনা মহামারি ও সিলেটের বন্যার সময় দায়িত্ব পালনের কথা তুলে ধরে ক্যাডেটরা যথাযথ মূল্যায়নের দাবি জানান। পাশাপাশি ২৩ মার্চ প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সুযোগ, প্রশিক্ষণ কার্যক্রমে সরকারি পৃষ্ঠপোষকতা ও প্রাপ্য মর্যাদা নিশ্চিতের আহ্বান জানান।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মোছা. তাহমিনা আক্তারের সভাপতিত্বে এবং বিএনসিসি কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক পরিষদ সম্পাদক আলী হাসান পারভেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, মেজর ড. তোফায়েল আহমেদ, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

বক্তারা বিএনসিসি ও রোভার স্কাউটের কার্যক্রম আরও বেগবান করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *