5169
Loading ...

সিমাগো র‍্যাঙ্কিংয়ে বড় উত্থান, দেশে আবারও টপ টেনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবি প্রতিনিধি: স্পেনভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান Scimago Institutions Rankings ২০২৬ সালের বৈশ্বিক র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। এতে বিশ্বের ১০ হাজার ৮২৭টি প্রতিষ্ঠানের মধ্যে ৫ হাজার ৪৯১টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তালিকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়-এর অবস্থান ৯৬৪তম। আর বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে ৯ম স্থানে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশের ৪৭টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত হয়েছে। ২০২৪ সালে দেশে ৮ম অবস্থানে থাকলেও ২০২৫ সালে নেমে যায় ২৩তমে। তবে ২০২৬ সালে ১৪ ধাপ এগিয়ে আবারও ৯ম স্থানে উঠে এসেছে বিশ্ববিদ্যালয়টি।

গবেষণা, সামাজিক প্রভাব ও উদ্ভাবন—এই তিন সূচকের ভিত্তিতে র‍্যাঙ্কিং নির্ধারণ করা হয়। সার্বিক মূল্যায়নে গবেষণায় ৫০ শতাংশ, উদ্ভাবনে ৩০ শতাংশ এবং সামাজিক প্রভাবে ২০ শতাংশ গুরুত্ব দেওয়া হয়।

২০২৬ সালের সূচক অনুযায়ী, গবেষণায় দেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫ম, সামাজিক প্রভাবে ২২তম এবং উদ্ভাবনে ৩৪তম। তিন সূচকের সমন্বয়ে সার্বিকভাবে ৯ম স্থানে জায়গা করে নিয়েছে বিশ্ববিদ্যালয়টি। তুলনায় ২০২৫ সালে এই তিন সূচকে অবস্থান ছিল যথাক্রমে ২৩তম, ২৩তম ও ৩৮তম। ফলে চলতি বছরে সব ক্ষেত্রেই অগ্রগতি হয়েছে।

সিমাগো র‍্যাঙ্কিং ২০২৬ অনুযায়ী দেশের সেরা দশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে—মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাউথইস্ট ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *