সাইয়্যিদুজ্জামান সাদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন নবাগত পুলিশ কর্মকর্তা মো. মামুনুর রশিদ। মঙ্গলবার (১০ মার্চ) তিনি আনুষ্ঠানিকভাবে থানায় দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি থানায় কর্মরত পুলিশ সদস্য ও স্থানীয় সুধীজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়ার কথা জানান।
রাজারহাটের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা—উপজেলাকে একটি অপরাধমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলা। বিশেষ করে এলাকায় মাদক, জুয়া, চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ দমনে নতুন ওসির কার্যকর ভূমিকা দেখার আশায় রয়েছেন স্থানীয়রা।
নবাগত ওসি মো. মামুনুর রশিদ বলেন, “পুলিশের মূল লক্ষ্যই হচ্ছে জনগণের সেবা নিশ্চিত করা। মাদক ও জুয়ার সঙ্গে কোনো আপস করা হবে না। চুরি-ডাকাতি রোধে পুলিশের নিয়মিত টহল জোরদার করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।”
তিনি আরও জানান, রাজারহাটে মাদক ও জুয়া নির্মূল, চুরি ও ছিনতাই প্রতিরোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং থানাকে একটি জনবান্ধব সেবা কেন্দ্রে পরিণত করাই তার প্রধান লক্ষ্য।
রাজারহাটের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। স্থানীয়দের প্রত্যাশা, নবাগত ওসির নেতৃত্বে রাজারহাট থানা এলাকায় অপরাধ অনেকটাই কমে আসবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।

