চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বন্দরে জাহাজে জ্বালানি সরবরাহ কার্যক্রম আরও শক্তিশালী ও স্বাভাবিক রাখতে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস. এম. মনিরুজ্জামান।
সভায় জানানো হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের অস্থিরতা থাকলেও চট্টগ্রাম বন্দরে জাহাজে জ্বালানি সরবরাহ বা বাঙ্কারিং কার্যক্রম বর্তমানে স্বাভাবিক রয়েছে। জাহাজগুলোতে প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় আরও জানানো হয়, সম্প্রতি কয়েকটি ট্যাংকারে করে ডিজেল, এলএনজি ও এলপিজি চট্টগ্রাম বন্দরে এসেছে, যা দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বন্দর কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতেও যাতে কোনো ধরনের জ্বালানি সংকট সৃষ্টি না হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নিয়মিত সমন্বয় ও নজরদারি কার্যক্রম অব্যাহত রাখা হবে।

