মিরাজুল ইসলাম, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাশপীর দারুল হুদা ফাজিল মাদ্রাসা মাঠে বিএনপির উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খালাশপীর ইউনিয়ন বিএনপি ও স্থানীয় ব্যবসায়ীদের আয়োজনে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও পীরগঞ্জের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম।
মাদ্রাসা মাঠের বিশাল চত্বরে আয়োজিত এই ইফতার মাহফিলে প্রায় পাঁচ হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করেন। ইফতারের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি সাইফুল ইসলাম বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও স্থানীয় উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন। তিনি পীরগঞ্জের মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. মাহমুদুন্নবী চৌধুরী পলাশ।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মোস্তাফিজার রহমান মানিক মণ্ডল।
ইফতারের ঠিক আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও এলাকার সাধারণ মানুষ বিপুল উৎসাহ-উদ্দীপনায় অংশগ্রহণ করেন।

