5169
Loading ...

মনোহরদীতে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টের অভিযান, ভেক্যু মেশিন ও ট্রলি জব্দ

মো. হিমেল মিয়া, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ভেক্যু মেশিন ও দুটি ট্রলি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার দৌলতপুর ইউনিয়নের কিস্তিবাদী আড়াল ব্রিজের নিচে, রথখোলা বাজারের সামনে এবং কোচেরচর বেলতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে কিস্তিবাদী আড়াল ব্রিজের নিচে নদী থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের সময় একটি ভেক্যু মেশিন ও দুটি ট্রলি জব্দ করা হয়। পরে জব্দকৃত সরঞ্জাম উপজেলা প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে।

অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া বলেন, “নদী, কৃষিজমি ও সরকারি স্থাপনা রক্ষার্থে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কেউ আইন অমান্য করে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় মনোহরদী উপজেলায় অবৈধ বালু ও মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *