দিনার, নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের নিকলী থানায় “ওপেন হাউজ ডে ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১২টায় নিকলী থানা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিকলী থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তৃপ্তি মণ্ডল।
এ সময় উপজেলার সাতটি ইউনিয়নের ইউপি সদস্য, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ওপেন হাউজ ডে-তে স্থানীয় জনগণ ও পুলিশ কর্মকর্তারা একত্রিত হয়ে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক প্রতিরোধ, নারী ও শিশু নিরাপত্তা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। উপস্থিত সাধারণ মানুষ তাদের বিভিন্ন সমস্যা ও মতামত তুলে ধরেন, যা পুলিশ প্রশাসন গুরুত্বসহকারে শোনে।
বক্তারা বলেন, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং পুলিশের সঙ্গে জনগণের আস্থা ও সহযোগিতা জোরদার করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।
প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার তৃপ্তি মণ্ডল বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন সবসময় মাঠে কাজ করছে। সন্ত্রাসী কর্মকাণ্ড, চুরি-ডাকাতি ও মাদক নির্মূলে পুলিশ সর্বদা সজাগ রয়েছে এবং এ লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
নিকলী থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, নিকলী থানায় যোগদানের পর থেকেই তিনি মাদক নির্মূলে কাজ করে যাচ্ছেন। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, সে যত প্রভাবশালীই হোক না কেন।
তিনি আরও বলেন, যেকোনো অপরাধ দমন করা শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য সাংবাদিক, ইউপি সদস্য, গ্রামপুলিশসহ সর্বস্তরের জনগণকে পুলিশের পাশে থাকার আহ্বান জানান তিনি।

