মিরাজুল ইসলাম, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জের কৃতী সন্তান মো. আখতারুজ্জামান শাওন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন। গত ৯ মার্চ ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার অভিপ্রায় অনুযায়ী মো. আখতারুজ্জামান শাওনকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে চুক্তিভিত্তিক এই নিয়োগ প্রদান করা হয়েছে।
পীরগঞ্জের একটি সাধারণ পরিবারে বেড়ে ওঠা এই মেধাবী সন্তানের এমন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়ায় পীরগঞ্জসহ পুরো রংপুর জেলায় আনন্দের আমেজ বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, তার এই নিয়োগ এলাকার উন্নয়ন এবং জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়ক হবে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও তার এই অর্জনে পীরগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।

