জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম জঙ্গল সলিমপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে পুলিশ ও র্যাব বাদী হয়ে সীতাকুণ্ড থানায় এসব মামলা দায়ের করে।
পুলিশ সূত্রে জানা যায়, জঙ্গল সলিমপুর এলাকার দুর্গম পাহাড়ি অঞ্চলে অপরাধীদের আস্তানায় অভিযান চালিয়ে একটি বড় অস্ত্র কারখানা ও গুদামের সন্ধান পাওয়া যায়। সেখানে থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির যন্ত্রপাতি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পিস্তল, একটি এলজি, ২৭টি তৈরি পাইপগান এবং অস্ত্র তৈরির জন্য রাখা ৫৭টি লোহার পাইপ। এছাড়া ৩০টি পিস্তলের ম্যাগাজিন, ৬১টি কার্তুজ এবং বিভিন্ন আগ্নেয়াস্ত্রের মোট ১ হাজার ১১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এছাড়াও ১১টি তাজা ককটেল ও পাইপগান তৈরির কাজে ব্যবহৃত একটি শক্তিশালী লেদ মেশিনসহ বিপুল পরিমাণ যান্ত্রিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরকের ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে তিনটি পৃথক মামলা করা হয়েছে। এর মধ্যে দুটি মামলার বাদী পুলিশ এবং একটি মামলার বাদী র্যাব।
তিনি আরও বলেন, “এই চক্রটি দুর্গম পাহাড়ি এলাকায় গোপনে অস্ত্র তৈরি ও মজুত করে আসছিল। অভিযানে এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে এবং এই নেটওয়ার্কের মূল হোতাদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।”
গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। প্রয়োজনে তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে বলে পুলিশ জানিয়েছে।

