5169
Loading ...

জবি ছাত্রদল কর্মী শের আলীর বিরুদ্ধে পথচারী ও বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের কর্মী শের আলীর বিরুদ্ধে পথচারী ও বাস থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, ঢাকার কোর্ট এলাকা ও রায়সাহেব বাজার সংলগ্ন এলাকায় তিনি সহযোগীদের সঙ্গে রাতের অন্ধকারে পথচারীদের আটকিয়ে টাকা আদায় করেন। সর্বশেষ অভিযোগ অনুযায়ী, গত শুক্রবার মধ্যরাতে এক পথচারীর কাছ থেকে জোরপূর্বক সাড়ে ৯ হাজার টাকা নেওয়া হয়েছে এবং বাকি টাকা আদায়ের জন্য তার মোবাইল ফোন জব্দ করা হয়।

শের আলী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটের (আইএমএল) ১৮ ব্যাচের শিক্ষার্থী। তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতের অনুসারী হিসেবে পরিচিত। স্থানীয়রা জানিয়েছেন, শুধু পথচারীদের কাছ থেকে নয়, ক্যাম্পাসের সামনে দিয়ে যাওয়া বাস থেকেও শের আলী ও তার সহযোগীরা নিয়মিত চাঁদা আদায় করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চালক ও হেলপারদের মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত শুক্রবার রাত দুইটা থেকে আড়াইটার মধ্যে সদরঘাট থেকে রায়সাহেব বাজারের দিকে যাওয়া এক ব্যবসায়ীকে আটকিয়ে প্রথমে ৫০০ টাকা নেওয়া হয়। পরে শের আলী ৪-৫ সহযোগী নিয়ে এসে তার কাছ থেকে ২০ হাজার টাকা দাবি করেন। চাপে সাড়ে ৯ হাজার টাকা আদায় করা হয় এবং বাকি টাকা নেওয়ার জন্য তার মোবাইল ফোন রাখা হয়।

স্থানীয়দের অভিযোগ, রায়সাহেব বাজার পার হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে প্রবেশ করা বাস থেকেও নিয়মিত চাঁদা আদায় করা হয়। এতে সাধারণ মানুষ আতঙ্কে চলাচল করেন।

অভিযুক্ত শের আলী অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি এসব বিষয়ে কিছুই জানি না, এমন কোনো কাজই করিনি। আমার সঙ্গে কেউ ছিল না।” কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত এবং জবি ছাত্রদলের শাখা আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এই বিষয়ে এখনও মন্তব্য দেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *