মোঃ সাহেব আলী, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে রবিবার (৮ মার্চ) জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মিজ আফরোজা আখতারের সভাপতিত্বে সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাধ দমন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম। তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে অপরাধ দমনে সকলের সমন্বিত সহযোগিতা কামনা করেন।
সভায় আলোচনা করা গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে ছিল: সম্পত্তি সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মাদকদ্রব্য ও চোরাচালান রোধ, অনলাইন জুয়া বন্ধে পদক্ষেপ, অনিষ্পন্ন চোরাচালান মামলার নিষ্পত্তি, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, মানবপাচার প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা রক্ষা, ফুটপাত ও সড়ক শৃঙ্খলা, অবৈধ স্থাপনা উচ্ছেদ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং বাজার মনিটরিং।
সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মোঃ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাম্মদ রবিউল বাশার, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি.এম নজরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সাইদুর রহমান মৃধাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও সংগঠনের নেতৃবৃন্দ।

