5169
Loading ...

প্রথমবারের মতো বেরোবিতে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড

পারভেজ হাসান সায়েম, বেরোবি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-এর ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫। বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী প্রায় ৪৭০ জন শিক্ষার্থী এ সম্মাননা লাভ করেন।বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে বেরোবি শিক্ষার্থী সংসদের উদ্যোগে অনুষ্ঠিত এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে ১৩-১৬তম ব্যাচের সেরা শিক্ষার্থীরা অংশ নেন।

শিক্ষার্থী সংসদের সভাপতি আহমাদুল হক আলবি বলেন,“শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের ধারাবাহিকতায় মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক পারফরম্যান্সকে স্বীকৃতি দিতে এ আয়োজন করা হয়েছে। আমাদের সামর্থ্যের আলোকে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।”আয়োজক আব্দুল আজিজ জানান,“ভালো ফলাফল করা শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা এবং অন্যদের উৎসাহিত করাই মূল উদ্দেশ্য। আমরা বিশ্বাস করি, ফলাফল কোনো শেষ নয়—বরং এ প্রেরণা তাদের আরও বড় সাফল্যের দিকে এগিয়ে নেবে।”অনুষ্ঠানে শিক্ষার্থীরাও নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেন।সাংবাদিকতা বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী আফিয়া ইবনাত লিথী বলেন,“আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ বেরোবি শিক্ষার্থী পরিষদের প্রতি। আমার পরিশ্রমকে স্বীকৃতি ও উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ। এই স্বীকৃতি ভবিষ্যতে আমাকে আরও বড় কিছু করার শক্তি দেবে।”একই বিভাগের শিক্ষার্থী সানজানা ইবনাত বলেন,“আজকের এই অর্জন আমার জীবনের এক অবিস্মরণীয় মুহূর্ত। একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড আমাকে গর্বিত ও কৃতজ্ঞ করেছে। এই সাফল্য কেবল আমার নয়—আমার শিক্ষকদের দিকনির্দেশনা, পরিবারের দোয়া ও বন্ধু-শুভানুধ্যায়ীদের সহযোগিতা ছাড়া সম্ভব হতো না। এই পুরস্কার প্রমাণ করে যে অধ্যবসায়, পরিশ্রম ও ধৈর্য সবসময়ই ফলপ্রসূ হয়।”জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আনিকা তাসকিন বলেন,“বেরোবির ইতিহাসে প্রথমবার এ সম্মাননা পেয়ে আমরা গর্বিত। এটি আমাদের আরও অনুপ্রাণিত করবে পড়াশোনা ও স্বপ্নপূরণের পথে।”শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে জমজমাট হয়ে ওঠা এ আয়োজন বেরোবির শিক্ষাঙ্গনে শিক্ষার্থী সংসদের শিক্ষার্থীবান্ধব ভূমিকার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *