মোঃ মাসুদ রানা, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৯ মামলার এক আসামিকে ৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানটি বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ১০ মিনিটে মুন্সীগঞ্জ থানার জনধাত্রীপাড়া এলাকায় পরিচালনা করা হয়। অভিযানে ডিবির এসআই (নিঃ) পলাশ কান্তি রায় ও সঙ্গীয় ফোর্স অংশ নেন।
পুলিশ জানায়, জনধাত্রীপাড়া এলাকার বাসিন্দা শাহজাহান (৬২), পিতা মৃত মোসলেমকে তার বাড়ির সামনের পাকা রাস্তা থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার শাহজাহানের বিরুদ্ধে পূর্বে ৯টি মামলা রয়েছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া মাদক নির্মূল অভিযানে অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ ও অপরাধীর তথ্য দিয়ে পুলিশের সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

