মোঃ মাসুদ রানা, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) মুন্সীগঞ্জ কলেজের গভর্নিং বডির সভায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, কলেজের গভর্নিং বডির সদস্যবৃন্দ এবং শিক্ষকমণ্ডলী অংশগ্রহণ করেন।
সভায় কলেজের সার্বিক শিক্ষার বর্তমান অবস্থা, বিদ্যমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে অংশগ্রহণমূলক পাঠদান, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ, পাবলিক পরীক্ষার ফল উন্নয়ন এবং নৈতিক শিক্ষার প্রসারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সভা শেষে জেলা প্রশাসক কলেজ প্রাঙ্গণ পরিদর্শন করেন। তিনি শ্রেণিকক্ষের পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি, অবকাঠামো, পরিচ্ছন্নতা ও স্যানিটেশন ব্যবস্থা নিবিড়ভাবে পর্যালোচনা করে দ্রুত সমাধানযোগ্য সমস্যা চিহ্নিত করে তাৎক্ষণিক কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
জেলা প্রশাসক বলেন, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে মুন্সীগঞ্জ কলেজকে আরও মানসম্মত, শৃঙ্খলাবদ্ধ ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্য সামনে রেখে কাজ করা হবে।

