পারভেজ হাসান, রংপুর: “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রংপুরে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের উদ্যোগে রবিবার সকালে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় মিডিয়া চত্ত্বর থেকে শুরু হওয়া র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে কবি হেয়াত মামুদ ভবনের সামনে শেষ হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন এবং ন্যায্য অধিকার নিশ্চিত করা ছাড়া ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ গঠন সম্ভব নয়। নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, মর্যাদা এবং সমান সুযোগ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
র্যালিতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান কুন্তলা চৌধুরী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক নিয়ামুন নাহারসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
দিবস উপলক্ষে কবি হেয়াত মামুদ ভবনের সামনে ‘সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি বোর্ড’ স্থাপন করা হয়। শিক্ষক ও শিক্ষার্থীরা নারীর অধিকার, সুরক্ষা এবং বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেন।

