আজিজুল ইসলাম, লালমনিরহাট: লালমনিরহাট জেলায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা, জ্বালানি তেল স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার এবং অবৈধ ক্রয়-বিক্রয় প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ ২০২৬) লালমনিরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। এতে পেট্রোল পাম্প মালিক, জ্বালানি সরবরাহকারী, ব্যবসায়ী ও জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম-বার এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ মোঃ জিন্নাহ আল মামুনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া জেলার বিভিন্ন পেট্রোল পাম্পের মালিক, ম্যানেজার ও প্রতিনিধিরাও সভায় অংশ নেন।
সভায় আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সৃষ্ট সাময়িক অস্থিরতা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে জেলার পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের বর্তমান মজুদ, সরবরাহ ব্যবস্থা এবং বিক্রয়ের ক্ষেত্রে সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।
পুলিশ সুপার বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং পাচার রোধে সরকারের গৃহীত পদক্ষেপগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। তিনি পেট্রোল পাম্পগুলোতে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি ও প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন। পাশাপাশি অবৈধভাবে জ্বালানি তেল মজুদকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন।

