5169
Loading ...

জামালপুরে পৃথক দুটি মাদক মামলায় চার জনের সশ্রম কারাদণ্ড

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি: জামালপুরে পৃথক দুটি মাদক মামলায় চার আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদন্ড দিয়েছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

রবিবার (৮ মার্চ) জামালপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল হক আদালতে এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামীরা হলেন – চাঁদপুর জেলার মতলব উত্তর থানার বড় হলদিয়া এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে মো. মানিক (৪০), জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মৌজাজাল্লা গ্রামের রিপন ফকিরের ছেলে মো. কামাল ফকির (২১) ও মো. কাশেমের ছেলে গুলজার (২৩), একই উপজেলার কিসমতকাল্লা গ্রামের এমদাদুল হকের ছেলে আঃ কাইয়ুম (১৯)।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৯ ডিসেম্বর জামালপুর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে চাঁদপুর জেলার মতলব উত্তর থানার বড় হলদিয়া এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে মো. মানিককে ১২০০ পিস ইয়াবা সহ আটক করে। পরে এ ঘটনায় সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয় (মামলা নং-৭৭)।

দীর্ঘ বিচারিক কার্যক্রমে আদালত ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামি মো. মানিককে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অন্যদিকে ইসলামপুর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২০২১ সালের ১৫ জানুয়ারি উপজেলার মৌজাজাল্লা গ্রামের রিপন ফকিরের ছেলে মো. কামাল ফকিরকে দুই গ্রাম হেরোইন ও মো. কাশেমের ছেলে গুলজারকে এক গ্রাম হেরোইন এবং একই উপজেলার কিসমতজাল্লা গ্রামের এমদাদুল হকের ছেলে আঃ কাইয়ুমকে এক গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে। পরে তাদের বিরুদ্ধে ইসলামপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়।

আদালত মামলাটিতে ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামি মো. কামাল ফকিরকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, অপর দুই আসামি গুলজার ও কাইয়ুমকে এক বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এই দুটি মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এ্যাডভোকেট মো. সুলতান মাহমুদ এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন এন এম অলিউল আযম ও হোসেন রেজা বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *