শাবিপ্রবি প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তড়িৎ ও তড়িৎ প্রকৌশল (EEE) বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আল আমিন মস্তিষ্কে রক্তক্ষরণে (স্ট্রোক) মৃত্যু বরণ করেছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক ইসহাক মিয়া। তিনি জানান, কয়েক দিন ধরেই আল আমিন মানসিকভাবে হতাশায় ভুগছিলেন। বুধবার হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে সহপাঠী এবং পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা–নিরীক্ষায় তার মস্তিষ্কে রক্তক্ষরণ ধরা পড়ে এবং চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে আল আমিন বিশ্ববিদ্যালয়সংলগ্ন নয়াবাজার এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামে।
পরিবার–পরিজন ও সহপাঠীদের বরাতে জানা যায়, আল আমিন ছিলেন অতি ভদ্র, শান্ত স্বভাবের এবং অত্যন্ত মেধাবী একজন শিক্ষার্থী।
আজ বৃহস্পতিবার বাদ জোহর তার গ্রামের বাড়িতে জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবার নিশ্চিত করেছে।
ঘটনার পর EEE বিভাগের বেশ কয়েকজন শিক্ষকের হাসপাতালে উপস্থিতিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পরিস্থিতি বিবেচনায়, EEE বিভাগের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
ছাত্র–শিক্ষক সবাই আল আমিনের রূহের মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের জন্য দোয়া চেয়েছেন

