5169
Loading ...

তাড়াইলে আন্তর্জাতিক নারী দিবসে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ): “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—নিশ্চিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ ক্যাম্পে উপজেলার সাতটি ইউনিয়নের প্রায় ২০০ জন নারী চক্ষু রোগীকে সেবা দেওয়া হয়। এর মধ্যে ৪০ জনকে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে।

ক্যাম্পটি ময়মনসিংহের ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল পরিচালিত ভিশন সেন্টার তাড়াইলের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় সম্পন্ন হয়। বাছাইকৃত রোগীদের ময়মনসিংহের হাসপাতালে বিনামূল্যে অপারেশন এবং প্রয়োজনীয় ওষুধ ও চশমা প্রদান করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার বলেন, এই ধরনের মানবিক উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *