5169
Loading ...

কুয়েতে মিসাইল হামলায় চট্টগ্রামের সন্দ্বীপের প্রবাসী নিহত: এলাকায় শোকের ছায়া​

মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল সংঘাতের ভয়াবহতার বলি হলেন চট্টগ্রামের সন্দ্বীপের এক রেমিট্যান্স যোদ্ধা। কুয়েতে একটি প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় মিসাইল হামলায় নিহত হয়েছেন মোহাম্মদ জাহেদ হোসেন (৩৫)। বৃহস্পতিবার (৫ মার্চ) কুয়েত সময় সকাল সাড়ে ১১টায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
​নিহত জাহেদ হোসেন সন্দ্বীপ পৌরসভার রহমতপুর এলাকার কামাল দফাদারের ছোট ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে জীবিকার তাগিদে কুয়েতে প্রবাস জীবন অতিবাহিত করছিলেন।
​পরিবার সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হঠাৎ হওয়া ওই মিসাইল হামলায় জাহেদ গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান। প্রবাসে থাকা তার সহকর্মীরা টেলিফোনের মাধ্যমে দেশে পরিবারের কাছে এই দুঃসংবাদ পৌঁছে দেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে সেখানে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার।
​নিহতের ভগ্নিপতি মো. বাবর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “কুয়েত সময় সকালে হঠাৎ এই হামলা হয়। সহকর্মীদের কাছ থেকে আমরা মৃত্যুর খবরটি পেয়েছি। পরিবারের বড় অবলম্বন ছিল জাহেদ, ওর মৃত্যুতে আমরা বাকরুদ্ধ।”
প্রতিবেশীরা জানান, জাহেদ অত্যন্ত ভদ্র, সৎ ও পরিশ্রমী মানুষ ছিলেন। তার পাঠানো উপার্জনেই পরিবারটি চলত। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের দাবি, সরকারি ব্যবস্থাপনায় যেন দ্রুত সময়ের মধ্যে জাহেদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।
​সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার পর প্রবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। জাহেদের এই মৃত্যু সেই উদ্বেগকে আরও বাড়িয়ে দিল।

(ফাইল ছবি সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *