গৌরব সাহা | নরসিংদী প্রতিনিধি: ঘোড়াশাল পৌরসভাকে আধুনিক, মাদকমুক্ত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে মেয়র পদে আলোচনায় এসেছেন ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন চিশতিয়া।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনা করা হচ্ছে। তিনি সকল দল-মত নির্বিশেষে পৌরবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন। তার মতে, সম্মিলিত প্রচেষ্টায় ঘোড়াশাল পৌরসভাকে উন্নয়নশীল, নিরাপদ ও আকর্ষণীয় নগরীতে রূপান্তর করা সম্ভব।
মহিউদ্দিন চিশতিয়া জানান, নির্বাচিত হলে তিনি পৌরসভার সড়ক, ফুটপাত ও আলোকসজ্জার আধুনিকায়নে কাজ করবেন। পাশাপাশি শিশু ও কিশোরদের জন্য নিরাপদ ও মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা, নাগরিকদের স্বাস্থ্যসেবা ও শিক্ষা সুবিধা বাড়ানো এবং পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ে তোলার উদ্যোগ নেবেন।
এছাড়া ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতির বিকাশে সহায়ক নীতি প্রণয়নের কথাও তুলে ধরেন তিনি। পৌরসভার সার্বিক উন্নয়নে স্থানীয় ও জাতীয় পর্যায়ের সবার সহযোগিতা কামনা করেছেন মহিউদ্দিন চিশতিয়া।

