গৌরব সাহা | নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রাজনীতিতে তরুণ ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতা হিসেবে পরিচিত ভিপি মনির হোসেনকে আগামী দিনে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসীর একটি অংশ। তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তাকে ঘিরে ইতিবাচক আলোচনা জোরালো হচ্ছে বলে জানা গেছে।
ছাত্ররাজনীতি থেকে উঠে আসা ভিপি মনির হোসেন বর্তমানে নরসিংদী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সদর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক এবং মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বগুণের কারণে তিনি দলীয় অঙ্গনে পরিচিত মুখ।
এছাড়া তিনি নরসিংদী চেম্বার অব কমার্স-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। সমর্থকদের দাবি, রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং কারাবরণের অভিজ্ঞতা তার রাজনৈতিক অবস্থানকে আরও দৃঢ় করেছে।
স্থানীয়দের প্রত্যাশা, জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে ভিপি মনির হোসেন মেহেরপাড়া ইউনিয়নকে আধুনিক ও ডিজিটাল ইউনিয়নে রূপান্তরের উদ্যোগ নেবেন। অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা জোরদারে কাজ করবেন—এমনটাই আশা তাদের।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল পর্যায়ে সক্রিয় ও জনপ্রিয় নেতৃত্ব হিসেবে তিনি ইতোমধ্যে নিজস্ব অবস্থান তৈরি করেছেন। এখন দেখার বিষয়, স্থানীয় সরকার নির্বাচনে জনগণের সমর্থন কতটা তার পক্ষে যায়।

