5169
Loading ...

পীরগঞ্জে পেট্রোল সংকট: মোটরসাইকেল চালকরা ভোগান্তিতে, মিলছে শুধু অকটেন

মোঃ মিরাজুল ইসলাম, পীরগঞ্জ (রংপুর): রংপুরের পীরগঞ্জে তীব্র পেট্রোল সংকট দেখা দিয়েছে। উপজেলার ফিলিং স্টেশনগুলোতে গত কয়েকদিন ধরে পেট্রোল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয় গ্রাহকরা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকরা।

সরেজমিনে দেখা যায়, পেট্রোল ইউনিটগুলো কাপড়ে ঢেকে রাখা হয়েছে বা সেখানে ‘পেট্রোল নেই’ লেখা বোর্ড বসানো হয়েছে। তবে অকটেন পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে।

পাম্পের কর্মীরা জানিয়েছেন, ডিপো থেকে পেট্রোলের সরবরাহ না থাকায় তারা গ্রাহকদের সেবা দিতে পারছেন না। সরবরাহ আসলে আবার বিক্রি শুরু হবে। কতদিনে সংকট সমাধান হবে, তা তারা নিশ্চিত করতে পারেননি।

স্থানীয় মোটরসাইকেল চালকরা জানিয়েছেন, পেট্রোল না পেয়ে বাধ্য হয়ে বেশি দামে অকটেন কিনতে হচ্ছে, যা তাদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে। অনেকে অকটেন ব্যবহার করতে না চাওয়ায় গাড়ি নিয়ে বিপাকে পড়েছেন।

সাধারণ মানুষ আশা প্রকাশ করেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ করে এই সংকট সমাধান করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *