জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম: চট্টগ্রামের কাজীর দেউড়ি এলাকার সুপরিচিত সুপার মার্কেট শপিং ব্যাগকে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি এবং খাবারে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড প্রদান করেন। অভিযানে দেখা যায়, ইফতার তৈরির কারখানায় চরম অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে এবং ভোক্তাদের আকর্ষণ করতে ইফতার সামগ্রীতে কেওড়াজলসহ বিভিন্ন অনিবন্ধিত রাসায়নিক ব্যবহার করা হয়েছে।
একই দিনে চসিকের অভিযান নগরীর ব্যাটারি গলি এলাকায় পৃথকভাবে পরিচালিত হয়। এতে:
- ডক্টরস ফার্মেসি: ট্রেড লাইসেন্স হালনাগাদ না থাকায় ৫ হাজার টাকা জরিমানা।
- নুর হোসেন স্টোর: দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করায় ২ হাজার টাকা জরিমানা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, পবিত্র রমজান উপলক্ষে জনস্বাস্থ্য রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং প্রতিটি প্রতিষ্ঠানকে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

