রুহুল আমিন, তাড়াইলঃ কিশোরগঞ্জ জেলার তাড়াইল সদর বাজার-এ সিলিন্ডার গ্যাস মজুদ রাখার মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় পরিচালিত অভিযানে সাহেব কসমেটিকস নামের প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির মালিক ইয়াসিন তাৎক্ষণিকভাবে জরিমানা প্রদান করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অভিযানের আগে অভিযোগ ছিল যে প্রতিষ্ঠানটি গ্যাসের সিলিন্ডার মজুদ রেখে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছিল। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করেন।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান আলী। এ সময় তাড়াইল থানা পুলিশের সদস্যরাও সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান আলী জানান, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মূল্য আদায়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং ব্যবসায়ীদের আইন মেনে পণ্য বিক্রির আহ্বান জানানো হচ্ছে।

