5169
Loading ...

গ্যাস সংকটে আনোয়ারার দুই সার কারখানায় উৎপাদন বন্ধ, সরবরাহ নিয়ে শঙ্কা

জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের দুটি বড় সার কারখানা—চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) গ্যাস সংকটের কারণে আবারও উৎপাদন বন্ধ করে দিয়েছে। শিল্পখাতে গ্যাস সরবরাহ সীমিত করার সরকারি সিদ্ধান্তের প্রভাবে বুধবার (৪ মার্চ) বিকেল থেকে কারখানা দুটির উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

কারখানা সূত্রে জানা গেছে, গ্যাসের চাপ কমে যাওয়ায় সার উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। স্বাভাবিক সময়ে সিইউএফএল কারখানায় প্রতিদিন গড়ে প্রায় ১,১০০ থেকে ১,২০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন হয়। অন্যদিকে কাফকোতে প্রতিদিন প্রায় ১,৭২৫ মেট্রিক টন ইউরিয়া এবং ১,৫০০ মেট্রিক টন অ্যামোনিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে। বর্তমানে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় এই বিপুল পরিমাণ উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে। এতে জাতীয় পর্যায়ে সার সরবরাহে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংশ্লিষ্ট শ্রমিক ও প্রকৌশলীরা জানান, সার উৎপাদন প্রক্রিয়া পুরোপুরি গ্যাসের ওপর নির্ভরশীল। গ্যাসের চাপ নির্দিষ্ট মাত্রার নিচে নেমে গেলে উৎপাদন চালু রাখা যন্ত্রপাতির জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যান্ত্রিক ক্ষতি এড়াতে তাই কারখানা কর্তৃপক্ষ উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, রাষ্ট্রায়ত্ত সিইউএফএল কারখানাটি দীর্ঘ সাড়ে ছয় মাস বন্ধ থাকার পর গত বছরের ১ নভেম্বর পুনরায় চালু হলেও টানা উৎপাদন চালু রাখা সম্ভব হয়নি। বিভিন্ন সময় যান্ত্রিক ত্রুটি ও গ্যাস সংকটের কারণে এটি কয়েক দফা বন্ধ ও চালু হয়েছে। অন্যদিকে কাফকোও গত বছরের অক্টোবরে অভ্যন্তরীণ সমস্যার কারণে প্রায় ১৫ দিন বন্ধ ছিল।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলেই দ্রুত উৎপাদন পুনরায় শুরু করার প্রস্তুতি রয়েছে। বাজারে সারের চাহিদা মেটাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *