মোঃমিরাজুল ইসলাম, পীরগঞ্জ: রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ও ধাপের হাট সংলগ্ন এলাকায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক যুগলকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পীরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক দুজনের মধ্যে একজন মুসলিম এবং অন্যজন হিন্দু ধর্মাবলম্বী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অপরিচিত ব্যক্তিদের আনাগোনা বেড়ে যাওয়ায় এলাকাবাসী সতর্ক অবস্থানে ছিলেন। বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে চতরা ও ধাপের হাটের মধ্যবর্তী একটি নির্জন স্থানে ওই দুজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা তাদের আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একে অপরের পরিচিত বলে দাবি করলেও তাদের আচরণে অসঙ্গতি লক্ষ্য করা যায়।
আটকের পর ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় জমায়। ভিন্ন ধর্মাবলম্বী হওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। তবে স্থানীয় সচেতন মহল ও মুরুব্বিদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়। পুলিশ জানিয়েছে, আটককৃতদের পরিচয় যাচাই করা হচ্ছে এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসীর দাবি, চতরা ও ধাপের হাট এলাকায় অনৈতিক কার্যকলাপ রোধে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।

