নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পাড়াতলী ইউনিয়নের কাচারীকান্দি এলাকায় যৌতুকের দাবিতে স্ত্রীকে ব্লেড দিয়ে গাল কেটে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী স্বপন মিয়ার বিরুদ্ধে।
ভুক্তভোগী গৃহবধূর নাম রিয়া মণি (১৮)। তিনি নরসিংদী সদর উপজেলার চানপুর ইউনিয়নের বগডর কান্দি এলাকার কমল মিয়ার মেয়ে। অভিযুক্ত স্বপন মিয়া পাড়াতলী ইউনিয়নের কাচারীকান্দি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই বিভিন্ন সময় যৌতুকের দাবিতে রিয়া মণির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন স্বপন মিয়া। সর্বশেষ যৌতুকের দাবিকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে ব্লেড দিয়ে তার গাল কেটে গুরুতর জখম করা হয় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। নেটিজেনরা এ ধরনের নৃশংস ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্ত স্বপনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বর্তমানে আহত গৃহবধূ রিয়া মণি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

