মো হিমেল মিয়া, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১১ মার্চ ২০২৬) বেলা ১১টা ৫০ মিনিটে এ অভিযান অনুষ্ঠিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুর রহমান। এসময় বাজারের বিভিন্ন বীজ বিক্রয়ের দোকান, ইফতারি দোকান ও মুদির দোকান তদারকি করা হয়।
অভিযানকালে দেখা যায়, বিক্রয়ের জন্য সংরক্ষিত বীজের প্যাকেটে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ নেই এবং দোকানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি। এর কারণে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯” এর বিভিন্ন ধারায় দুইজন মুদি ব্যবসায়ী ও একজন বীজ বিক্রেতাকে জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ শাহনেওয়াজ, মোঃ মোবারক হোসেন এবং নরসিংদী জেলা পুলিশ লাইন্সের পুলিশ ফোর্স।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ ধরনের তদারকি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

