মাহমুদুল হাসান, বরিশাল জেলা প্রতিনিধিঃ বরিশালের বানারীপাড়া উপজেলায় পুরনো সরকারি ব্রিজের মালামাল চুরির ঘটনায় সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জিহাদ আকন (২০) ও মো. সানি (২২) নামে দুইজনকে আটক করেছে বানারীপাড়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বানারীপাড়া সদর ইউনিয়নের গাভা এলাকা থেকে ব্রিজ নির্মাণকাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল চুরি করে ট্রলারযোগে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) সিদ্ধার্থের নেতৃত্বে একটি পুলিশ দল বানারীপাড়া ফেরিঘাট সংলগ্ন নতুন ব্রিজের নিচে অবস্থান নেন।
রাত আনুমানিক ৩টার দিকে সন্দেহভাজন ট্রলারটি পৌঁছালে পুলিশ অভিযান চালিয়ে চারটি লোহার রেলপাটি, একটি ডিজেল ইঞ্জিন, একটি অক্সিজেন সিলিন্ডার, ব্রিজের কাজে ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র এবং চুরির সরঞ্জামসহ ট্রলার জব্দ করে। এ সময় ট্রলারে থাকা জিহাদ আকন ও সানিকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, গাভা এলাকা থেকে এসব মালামাল চুরি করে নিয়ে আসছিল।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবর রহমান জানান, আটক জিহাদ ও সানিসহ চারজনের নাম উল্লেখ করে এবং আরও ৫-৬ অজ্ঞাতনামাকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে আটক দুইজনকে বরিশাল জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত চলমান।

