5169
Loading ...

সঠিক তদন্তেই ন্যায়বিচার: কিশোরগঞ্জ মডেল থানায় বদলে যাওয়া চিত্র

রকি হাসান, কিশোরগঞ্জঃ কিশোরগঞ্জ মডেল থানাকে ঘিরে সাম্প্রতিক সময়ে ইতিবাচক পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে স্থানীয় মহলে। দায়িত্ব নেওয়ার পর থেকেই আইনানুগ সেবা নিশ্চিত করার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভুইঁয়া।

সম্প্রতি কিশোরগঞ্জ শহরের একটি অবৈধ স্থাপনা পরিদর্শনকালে মাজহারুল ইসলাম–এর উপস্থিতিতে তিনি রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশে স্পষ্ট বার্তা দেন। তিনি বলেন, সরকারি বা বিরোধী—কোনো পক্ষই যেন অনৈতিক আবদার বা ভিত্তিহীন অভিযোগ নিয়ে থানায় না আসেন। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, তবে অযৌক্তিক চাপ সৃষ্টির চেষ্টা করলে তা গ্রহণযোগ্য হবে না।

স্থানীয় সচেতন নাগরিকদের মতে, ওসি আবুল কালাম ভুইঁয়ার এই অবস্থান থানার কার্যক্রমে স্বচ্ছতা এনেছে। আগে অভিযোগ বা মামলা করতে গিয়ে ভুক্তভোগীদের একটি দালালচক্রের মুখোমুখি হতে হতো বলে অভিযোগ ছিল। খরচের নামে অতিরিক্ত অর্থ দাবির ঘটনাও ঘটত। তবে বর্তমানে সেই অনিয়ম উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানান সংশ্লিষ্টরা।

ভুক্তভোগীরা বলছেন, এখন কোনো মধ্যস্থতা ছাড়াই সরাসরি ওসির সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছেন তারা। অভিযোগ গ্রহণ, তদন্ত ও আইনি প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার কারণে সাধারণ মানুষের আস্থা বাড়ছে।

তবে জনবল সংকট এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। এসআইসহ বিভিন্ন পদে পর্যাপ্ত সদস্য না থাকায় কিছু সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

সচেতন মহলের প্রত্যাশা, সঠিক তদন্ত ও নিরপেক্ষ ভূমিকার ধারাবাহিকতা বজায় থাকলে কিশোরগঞ্জ শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত আধুনিক কিশোরগঞ্জ গড়ে উঠবে—এমনটাই বিশ্বাস সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *