মো. রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া প্রতিনিধি: সিলেট নগরীর চৌকিদেখী এলাকার মেসার্স উত্তরা পেট্রোলিয়াম পাম্পে সিরিয়াল ভেঙে তেল নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পাম্প কর্মচারী মিঠু গোয়ালাকে মারধর ও ছুরিকাঘাতের ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) রাত ৯টার দিকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মিরপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— সিলেট নগরীর চৌকিদেখী এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. ফাহিম আহমদ (২১), ফয়েজ আহমদের ছেলে তামিম আহমদ (১৯) ও মৃত আব্দুল জব্বার বাবলুর ছেলে তানজিম আহমদ সজীব (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৯ মার্চ) বিকেলে ইফতারের ১৫-২০ মিনিট আগে চৌকিদেখী এলাকার পাম্পে মোটরসাইকেলে তেল নিতে আসেন কয়েকজন যুবক। সিরিয়াল ভেঙে আগে তেল নিতে চাইলে পাম্প কর্মচারী মিঠু গোয়ালা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে যুবকরা তার ওপর হামলা চালায় এবং ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।
এ ঘটনায় পাম্পের কর্মচারী জাহাঙ্গীর আলম বাদী হয়ে সিলেট এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্রের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে মামলার এজাহারভুক্ত এই তিন আসামিকে গ্রেফতার করে।
সিলেট এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) সৌমেন মৈত্র জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

