আকাশ পাল, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল (১০ মার্চ ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের রাধাগঞ্জ বাজার সংলগ্ন আড়িয়াল খাঁ নদীর পাড়ে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সেখানে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়া গেলে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় এক ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল। এ সময় রায়পুরা থানা পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশ ও নদী রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
প্রশাসন জানিয়েছে, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

