আবদুল বাসেদ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে স্থানীয় খাল থেকে বস্তাবন্দী গলাকাটা এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গণিপুর খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে স্থানীয়রা বেগমগঞ্জ স্টেডিয়াম সংলগ্ন খালে একটি সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখেন। দীর্ঘ সময় ধরে বস্তাটি একই স্থানে থাকায় তারা বিষয়টি পুলিশকে জানান। পরে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাল থেকে বস্তাটি উদ্ধার করে। খুলে দেখা যায়, ভেতরে যুবকের গলাকাটা মরদেহ ছিল। হাত-পা প্লাস্টিক দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যাকাণ্ড ঘটানো হয়ে মরদেহটি বস্তায় ভরে এখানে ফেলে দেওয়া হয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই ঘটনাস্থলে ভিড় করেন।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ২-৩ দিন আগে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

