মোঃমাসুদ রানা,
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সিগঞ্জের শ্রীনগরে ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে প্রেমের সম্পর্ক গড়ে তুলে দুই তরুণীর কাছ থেকে ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করে ব্ল্যাকমেইলের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া যুবকের নাম ইয়াকুব শেখ (২৫)। এ ঘটনায় তার সহযোগী হিসেবে অনিক শেখ (২৫) ও ‘আতিকুর ইসলাম’ নামের একটি ফেসবুক আইডির ব্যবহারকারীর বিরুদ্ধেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে শ্রীনগর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা ‘আতিকুর ইসলাম’ নামে একটি ফেসবুক আইডি ব্যবহার করে এক তরুণীর সঙ্গে পরিচয় গড়ে তোলে এবং প্রেমের সম্পর্কের ভান করে তার কাছ থেকে প্রথমে ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করে।
পরে কৌশলে ওই তরুণীকে দিয়ে গোপনে তার আপন বোনের গোসলের ভিডিও ধারণ করিয়ে তা নিজেদের কাছে পাঠাতে বাধ্য করে। এরপর ওই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীদের কাছে এক লাখ টাকা দাবি করে এবং বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করতে থাকে।
পুলিশ জানায়, ছবি ও ভিডিও মুছে ফেলার কথা বললে অভিযুক্তরা একটি বিকাশ নম্বর দিয়ে টাকা দাবি করে। পরে যাচাই করে দেখা যায়, নম্বরটি ইয়াকুব শেখ ব্যবহার করছিলেন। এই ইয়াকুব শেখ ভুক্তভোগী দুই নারীর একজনের চাচাতো ভাই ও আরেকজনের আপন ভাই।
শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. রিপন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অভিযান চালিয়ে শ্রীনগর উপজেলার চকবাজার এলাকার একটি দোকানের সামনে থেকে ইয়াকুব শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

