রংপুরের পীরগঞ্জে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে তেলের জন্য সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অনেক পাম্প তেল না থাকার কথা বলে বিক্রি বন্ধ রাখায় বিপাকে পড়েছেন মোটরসাইকেল চালকসহ সাধারণ পরিবহন সংশ্লিষ্টরা।
সরেজমিনে দেখা যায়, পীরগঞ্জের বিভিন্ন পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন তৈরি হয়েছে। সাধারণ মানুষ বোতল ও প্লাস্টিকের ড্রামে তেল সংগ্রহ করতে ভিড় করছেন। অভিযোগ উঠেছে, সংকটের সুযোগ নিয়ে কিছু অসাধু পাম্প মালিক নির্ধারিত মূল্যের চেয়ে প্রতি লিটারে ১০ টাকা পর্যন্ত বেশি নিচ্ছেন।

ভুক্তভোগীরা জানান, বাড়তি দামের বিষয়ে প্রশ্ন করলে পাম্প কর্তৃপক্ষ বলছে, “গাড়ি আসছে না, তেল সংকট। নিতে হবে এই দামেই, না হলে অন্য কোথাও দেখুন।” সরকারি তদারকি না থাকায় পাম্পগুলো ইচ্ছামতো দাম রাখছে বলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। এক মোটরসাইকেল চালক বলেন, “কয়েকটি পাম্প ঘুরেও তেল পাইনি। শেষে যেখানে পেলাম, সেখানে লিটার প্রতি ১০ টাকা বেশি নেওয়া হচ্ছে। আমরা একপ্রকার জিম্মি হয়ে পড়েছি।”
স্থানীয়রা দ্রুত এই সংকট নিরসন এবং অতিরিক্ত মূল্য আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

