গৌরব সাহা, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদী ও গাজীপুর অঞ্চলের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে এসেছে সেলিনা সুলতানা নিশীতা। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, কারাবরণ এবং রাজপথের সক্রিয় রাজনীতির কারণে নেতাকর্মীরা তাকে একজন পরীক্ষিত ও ত্যাগী নেত্রী হিসেবে মূল্যায়ন করছেন। ছাত্ররাজনীতিতে সাহসিকতার এক ব্যতিক্রমী উদাহরণ হিসেবে পরিচিত নিশীতা, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ইডেন বিশ্ববিদ্যালয়ের কলেজের সাবেক তিনবারের সফল সভাপতি হিসেবে রাজপথের আন্দোলনে অংশগ্রহণের সময় তাকে গ্রেফতার, কারাবরণ এবং রিমান্ডের কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। স্বৈরাচারবিরোধী আন্দোলনের উত্তাল সময়গুলোতে ঢাকার রাজপথে তার দৃঢ় উপস্থিতি আন্দোলনের অন্যতম অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হয়েছে। মামলা, নির্যাতন ও কারাবরণ কোনোভাবেই তাকে আদর্শচ্যুত করতে পারেনি; বরং প্রতিটি প্রতিকূলতা তাকে আরও দৃঢ় করেছে।
১/১১-পরবর্তী সময়ে খালেদা জিয়ার মুক্তির পর থেকে নিশীতা দলের প্রতিটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিভাগীয় সমাবেশ, রোড মার্চ বা কেন্দ্রীয় আন্দোলন—সবখানেই তাকে সামনের সারিতে দেখা গেছে। বিশেষ করে রাজধানী কেন্দ্রিক আন্দোলন ও গুরুত্বপূর্ণ কর্মসূচিতে তার নেতৃত্ব কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। সহকর্মীরা উল্লেখ করেন, “তিনি শুধু একজন সংগঠক নন, বরং রাজপথে গড়ে ওঠা এক সাহসী সংগ্রামী কণ্ঠ।” দলের তৃণমূল নেতাকর্মীরা মনে করেন, দীর্ঘ রাজনৈতিক ত্যাগ, নিষ্ঠা ও পরীক্ষিত নেতৃত্বের স্বীকৃতি হিসেবে নিশীতা সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার পূর্ণ যোগ্যতা রাখেন। তাদের মতে, রাজপথের একজন পরীক্ষিত কর্মী সংসদে গেলে আন্দোলনের চেতনা এবং সাধারণ কর্মীদের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দীর্ঘদিনের রাজনৈতিক অবদানের স্বীকৃতি হিসেবে এই নির্যাতিত ও সংগ্রামী নেত্রীকে সংরক্ষিত আসনে প্রার্থী করবে, যা শুধু ব্যক্তিগত স্বীকৃতি নয়, বরং রাজপথের ত্যাগী রাজনীতির সম্মানও প্রতিষ্ঠা করবে।

