মুশফিকুর রহমান সোহেল, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের দায়ে পাঁচটি অবৈধ ইটভাটার মালিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। রোববার (১ মার্চ) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও স্পেশাল পরিবেশ আদালতের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলার পাঁচটি উপজেলায় প্রশাসনের অনুমতি ছাড়া ৭০টি ইটভাটা গড়ে তোলা হয়েছিল, যার মধ্যে ৪২টি সচল রয়েছে। আগেই ভ্রাম্যমাণ আদালত কিছু ইটভাটাকে অর্থদণ্ড প্রদান ও বুলডোজার দিয়ে ধ্বংস করলেও সব বন্ধ করা সম্ভব হয়নি। এছাড়া পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের অভিযোগে ৮টি ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মালিকরা হলেন:
- থানচি উপজেলার এমএসবি ইটভাটার মালিক আনিসুর রহমান সুজন (মামলা নং- ০৩/২৬)
- আলীকদম উপজেলার এবিএম ইটভাটার মালিক সামছুদ্দিন ও এখলাছুর রহমান (মামলা নং- ৫/২৬)
- ইউবিএম ইটভাটার মালিক জামাল উদ্দিন (মামলা নং- ৪/২৬)
- এফবিএম ইটভাটার মালিক শওকত তালুকদার (মামলা নং- ২/২৬)
- নাইক্ষ্যংছড়ি উপজেলার বিবিএম ইটভাটার মালিক মোহাম্মদ আবু ছৈয়দ, আবুল বশর ও ফরিদ আহমদ (মামলা নং- ১/২৬)
বান্দরবান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও স্পেশাল পরিবেশ আদালতের ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেন এই গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম জানিয়েছেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে ৮০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম জানান, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশের সঙ্গে সমন্বয় করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

