মুশফিকুর রহমান সোহেল, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান রিজিয়নের উদ্যোগে পবিত্র মাহে রমজানের ১৫তম দিনে জেলা সদর ও আশপাশের এলাকায় অসহায়, দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে ২য় দফায় সাহরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া সম্প্রতি শহরের উজানীপাড়া এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তাও প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে এমডিএস মাঠে এসব ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন ৬৯ পদাতিক ব্রিগেডের জিএসও-(ত্রি) ক্যাপ্টেন সামিউল ইসলাম। তিনি বলেন, পার্বত্য এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা দেওয়া বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব।
অনুষ্ঠানে ১০০টি পরিবার ও এতিমখানার মাঝে চাল, ডাল, তেল, ছোলা, খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের হাতে নগদ অর্থও তুলে দেওয়া হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কঠিন সময়ে পাশে থাকার জন্য ধন্যবাদ জানান।

