মো. মিরাজুল ইসলাম, পীরগঞ্জ, রংপুর: আজ ঐতিহাসিক ৭ই মার্চ। বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অনন্য মাইলফলক। ৫৪ বছর আগে এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানে লক্ষ লক্ষ মানুষের উত্তাল জনসমুদ্রে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেছিলেন— “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।” মাত্র ১৮ মিনিটের সেই কালজয়ী ভাষণই হয়ে উঠেছিল একটি স্বাধীন রাষ্ট্র গঠনের মূলমন্ত্র।
বঙ্গবন্ধুর এই ভাষণটি ছিল মূলত একটি গেরিলা যুদ্ধের কৌশলী দিকনির্দেশনা। তিনি শুধু স্বাধীনতার ডাকই দেননি, বরং আসন্ন যুদ্ধের জন্য সাধারণ মানুষকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছিলেন। তাঁর সেই বজ্রকণ্ঠের ঘোষণা— “তোমাদের যা কিছু আছে, তাই নিয়ে প্রস্তুত থাকো”— টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রতিটি ঘরে স্বাধীনতার মশাল জ্বালিয়ে দিয়েছিল।
বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণ আজ শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের সম্পদ। ২০১৭ সালে UNESCO এই ভাষণটিকে ‘ডকুমেন্টারি হেরিটেজ’ বা ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দিয়ে ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ অন্তর্ভুক্ত করে। কোনো লিখিত পান্ডুলিপি ছাড়াই দেওয়া এই ভাষণ আজও সমানভাবে প্রাসঙ্গিক ও অনুপ্রেরণাদায়ক।

