সাইয়্যিদুজ্জামান সাদ, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই গেট এলাকায় আলুভর্তি একটি পিকআপ ভ্যান থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলুভর্তি একটি পিকআপ ভ্যানে করে মাদকের একটি বড় চালান যাচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় নজরদারি বাড়ায়। এ সময় ‘উপজেলা মাদক, দাদন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি’র ছিনাই ইউনিয়ন শাখার সদস্য আব্দুর রশিদ আলুর বস্তার ভেতরে গাঁজা থাকার বিষয়টি নিশ্চিত হয়ে রাজারহাট থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পরিস্থিতি বেগতিক দেখে পিকআপভর্তি আলুর বস্তা ও গাঁজা রেখে কৌশলে পালিয়ে যায় চালক।
পরে পুলিশ তল্লাশি চালিয়ে আলুর বস্তার ভেতর লুকিয়ে রাখা ৯ কেজি গাঁজা উদ্ধার করে এবং পিকআপ ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায়।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“৯ কেজি গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত। মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। পলাতক চালক ও এই চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।

