সিহাব আলম সম্রাট, রাজশাহীঃ রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের সঙ্গে দুর্গাপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা ও মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানানো হয়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় দুর্গাপুর উপজেলা হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাশতুরা আমিনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
সভায় সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মদ, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভূমি ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, দুর্গাপুরের কৃষি ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে অপরিকল্পিত পুকুর খনন। তিনি জানান, এখন থেকে কোনো ধরনের পুকুর খনন করা যাবে না এবং এ বিষয়ে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
তিনি আরও বলেন, উপজেলার উন্নয়নকে টেকসই ও জনকল্যাণমুখী করতে হলে সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টা জরুরি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের সেবা প্রদানের আহ্বান জানান তিনি।
সবশেষে তিনি সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপুরকে একটি উন্নত ও আধুনিক উপজেলায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন।

